বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বগাজায় ধসে পড়ল যুদ্ধবিধ্বস্ত ভবন, নিহত বেড়ে ২১

গাজায় ধসে পড়ল যুদ্ধবিধ্বস্ত ভবন, নিহত বেড়ে ২১

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় ধসে পড়ল যুদ্ধবিধ্বস্ত ভবন, নিহত বেড়ে ২১

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১টি শিশু রয়েছে। এ ঘটনায় আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।


বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে গাজা সিটির আল-রিমাল এলাকায় যুদ্ধবিধ্বস্ত আল-সা'দা আবাসিক ভবনটি ধসে পড়ে। ভবনটি ধসের পর ঘটনাস্থলে উদ্ধার ও অনুসন্ধান অভিযান শুরু করা হয়।


গাজার আল-শিফা হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়া সিএনএনকে জানান, ভবন ধসের ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১টি শিশু রয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।


গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার পর গাজায় যুদ্ধ শুরু হলে ছয়তলা ভবনটি ইসরায়েলি বিমান হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পর সেটি ধসে পড়ে।


জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে গাজার প্রায় ৮০ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।


এ অবস্থায় চলমান বিমান হামলা, ধ্বংসস্তূপ এবং অবিস্ফোরিত অস্ত্রের ঝুঁকির কারণে গাজায় সাধারণ মানুষের নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।