মাসকাটে যুক্তরাষ্ট্র-হুথিদের গোপন বৈঠক, কী আলোচনা হলো
ওমানের রাজধানী মাসকাটে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে ইয়েমেনের হুথি আন্দোলনের প্রতিনিধিদের একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওমানের মধ্যস্থতায় সপ্তাহান্তে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে রয়টার্সকে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র। খবর আল-জাজিরার।
সূত্রগুলোর বরাতে জানা গেছে, মাসকাটে মার্কিন দূতাবাসের কার্যালয়ে দুই পক্ষের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। বৈঠকে ইয়েমেনের চলমান যুদ্ধ এবং হুথিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এর আগে গত শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, হুথিরা তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ইয়েমেনের যুদ্ধে যুক্তরাষ্ট্রকে জড়িয়ে না পড়ার অনুরোধ করেছে।
এর দুই দিন পর সোমবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও হুথিদের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেন। তবে সে সময় আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
মাসকাটের বৈঠকে হুথি প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করেছেন বলে সূত্রগুলো জানিয়েছে। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, মার্কিন কোনো জাহাজে হামলা চালানোর ইচ্ছা তাদের নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২৫ সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তি বজায় রাখার বিষয়েও তারা নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেছে।
একটি সূত্রের দাবি, সৌদি আরবের মালিকানাধীন জাহাজ ছাড়া ইসরায়েলি কিংবা অন্য কোনো বাণিজ্যিক জাহাজেও হামলা চালাবে না বলে বৈঠকে জানিয়েছে হুথি প্রতিনিধিরা।
তবে বৈঠকটি নিয়ে যুক্তরাষ্ট্র বা হুথিদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।