দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সম্ভব নয়: গুতেরেস
দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘ধীরে ধীরে দখল বাড়ানোর’ প্রক্রিয়া বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গুতেরেস।
তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভয়াবহ দুর্ভোগের বিষয়টি ভুলে গেলে চলবে না।
জাতিসংঘ মহাসচিব গাজা নিয়ে ঘোষিত শান্তি পরিকল্পনা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নেরও আহ্বান জানান। পাশাপাশি কোনো ধরনের বাধা ছাড়াই গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ নিশ্চিত করার দাবি জানান তিনি।
গুতেরেসের মতে, একটি ন্যায়সঙ্গত, দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠার পথে যুদ্ধবিরতি হতে পারে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।