মাদকবিরোধী বাধ্যবাধকতায় ‘ব্যর্থ’ দেশের তালিকা থেকে ভেনেজুয়েলাকে বাদ দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক মাদকবিরোধী বাধ্যবাধকতা পূরণে ‘সুস্পষ্টভাবে ব্যর্থ’ দেশগুলোর তালিকা থেকে ভেনেজুয়েলাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (১৬ সেপ্টেম্বর) মার্কিন কংগ্রেসে জমা দেওয়া এক নথিতে এ সিদ্ধান্তের কথা জানান তিনি। এতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্ধিত সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।
নথিতে ট্রাম্প বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের নেতৃত্বে ভেনেজুয়েলায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। এসব অগ্রগতির পরিপ্রেক্ষিতে দেশটিকে আর আন্তর্জাতিক মাদকবিরোধী বাধ্যবাধকতা পূরণে ‘সুস্পষ্টভাবে ব্যর্থ’ হিসেবে চিহ্নিত করা উচিত নয়।
ট্রাম্প আরও বলেন, মাদক পাচারকারী সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াইয়ের প্রচেষ্টায় তার প্রশাসন ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্রমবর্ধমান সহযোগিতা পাচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে মাদকবিরোধী কার্যক্রমে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়টি সামনে এসেছে।