মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় কুয়েতের নিন্দা
মুসলমানদের পবিত্র ভূমি মক্কাকে লক্ষ্য করে ইয়েমেনের হুথিদের ড্রোন হামলার অপচেষ্টার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে কুয়েত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘটনাকে ‘কাপুরুষোচিত’ ও ‘চরম নিন্দনীয়’ কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করেছে।
বিবৃতিতে বলা হয়, পবিত্র মক্কা নগরীকে লক্ষ্য করা বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা মুসলমানদের ধর্মীয় অনুভূতি ও বিশ্বাসের প্রতি চরম অবমাননার শামিল।
এ ঘটনায় সৌদি আরবের প্রতি অটল সংহতি প্রকাশ করেছে কুয়েত। ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করে ভূপাতিত ও ধ্বংস করায় দেশটির প্রতিরক্ষা সক্ষমতার প্রশংসা করেছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা কুয়েতসহ পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কুয়েতের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
তবে মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইয়েমেনের হুথি কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পবিত্র ধর্মীয় স্থানে হামলা চালানোর কোনো উদ্দেশ্য বা পরিকল্পনা তাদের ছিল না।