বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বকানাডাকে ইইউর ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব, ট্রাম্পের শুল্ক হুমকি

কানাডাকে ইইউর ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব, ট্রাম্পের শুল্ক হুমকি

favicon
ভোরের আলো ডেস্ক:
কানাডাকে ইইউর ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব, ট্রাম্পের শুল্ক হুমকি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য উত্তেজনার মধ্যেই কানাডার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার উদ্যোগ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। কানাডাকে জোটটির প্রথম ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।


বুধবার ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির উপস্থিতিতে এ প্রস্তাব দেন ভন ডার লিয়েন। তিনি বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে কানাডা ও ইউরোপের মধ্যকার সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নেওয়া প্রয়োজন।


কার্নিও ইউরোপের সঙ্গে আরও ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তোলার আগ্রহ প্রকাশ করেছেন। কানাডার সঙ্গে ইইউর বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির ভিত্তিতে সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।


প্রস্তাবিত সহযোগিতার আওতায় গুরুত্বপূর্ণ খনিজ, জ্বালানি, প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি ও গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার কথা রয়েছে। দুই পক্ষের আলোচনায় ডিজিটাল বাণিজ্য ও বিভিন্ন সেবাখাতেও সহযোগিতা বাড়ানোর বিষয়টি এসেছে।


তবে কানাডাকে ইইউর সহযোগী সদস্য করার প্রস্তাবটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ইইউর বর্তমান চুক্তিগুলোতে ‘সহযোগী সদস্য’ হওয়ার নির্দিষ্ট কোনো আইনি কাঠামো নেই। ফলে এ ধরনের সম্পর্ক কীভাবে কার্যকর হবে, তা নিয়ে পরবর্তী সময়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্তের প্রয়োজন হবে।


এদিকে প্রস্তাবটি প্রকাশের পরই প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কানাডার সম্ভাব্য সহযোগী সদস্যপদকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন এবং ইইউর এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘শত্রুতামূলক’ মনে হলে ইউরোপের ওপর কঠোর শুল্ক আরোপ কিংবা বাণিজ্য সীমিত করার হুমকি দেন।


তবে ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, কানাডার সঙ্গে প্রস্তাবিত অংশীদারত্ব কারও বিরুদ্ধে নয়; বরং পারস্পরিক সহযোগিতা ও অর্থনৈতিক-কৌশলগত সম্পর্ক জোরদার করাই এর লক্ষ্য।