বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
হোমঢাকা প্রতিদিনমেরাদিয়ায় দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

মেরাদিয়ায় দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
মেরাদিয়ায় দুই বাসের চাপায় মাইলস্টোনের শিক্ষিকা নিহত

রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় দুই বাসের চাপায় তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকা নিহত হয়েছেন।


বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত তাসফিয়া আহমেদ তিশা চাঁদপুর সদর উপজেলার মো. শফিউদ্দিন আহমেদের মেয়ে। তিনি রাজধানীর আফতাবনগর শাখার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন। তার স্বামী প্রবাসে থাকেন। তাসফিয়া খিলগাঁওয়ের মেরাদিয়া নয়াপাড়া এলাকায় বসবাস করতেন।


খিলগাঁও থানার এসআই অনয় চন্দ্র পাল জানান, সন্ধ্যার আগে বাসায় ফেরার পথে মেরাদিয়া বসুমতি হাসপাতালের সামনে রমজান পরিবহণের একটি বাসের সঙ্গে তাসফিয়ার দুর্ঘটনা ঘটে। এতে তিনি সড়কে ছিটকে পড়লে তিশা পরিবহণের আরেকটি বাসের চাকায় চাপা পড়েন।


গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরাজী হাসপাতালে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয় ব্যবসায়ী মো. মূসা জানান, দুর্ঘটনার পর তাসফিয়াকে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তার স্বজনদের খবর দেন।


পুলিশ জানায়, দুর্ঘটনার পর রমজান পরিবহণসহ দুটি বাস জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি বাসের চালক ও অন্যটির সহকারীকে আটক করা হয়েছে।


এসআই অনয় চন্দ্র পাল আরও জানান, দুর্ঘটনার সময় তাসফিয়া হেঁটে যাচ্ছিলেন, নাকি মোটরসাইকেলে ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে কোনো মোটরসাইকেলও পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, ব্যক্তিগত কাজে বাসা থেকে বের হয়েছিলেন তাসফিয়া। দুর্ঘটনার খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।