১১ দলের লংমার্চে বাধা না দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের
বিরোধী দলের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক লংমার্চ কর্মসূচিতে বাধা দিয়ে দেশের পরিস্থিতি অস্থিতিশীল না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। কেউ কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টা করলে তা প্রতিহতের কথাও বলেছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলাম পরওয়ার বলেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের অধিকার হরণ করা হলে এর পরিণতি ভালো হবে না। তিনি দাবি করেন, সংসদে আলোচনা হলেও সমস্যার সমাধানের কোনো পথ বের হয়নি। এ কারণে দাবি আদায়ে বিরোধী দল রাজপথে কর্মসূচি নিতে বাধ্য হয়েছে।
তিনি আরও বলেন, ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভাঙচুর বা নাশকতার পরিকল্পনা নেই।
১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৯ সেপ্টেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ঢাকা-রংপুর লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। পথে গাজীপুরের ভোগড়া, টাঙ্গাইলের নগর জালফৈ, সিরাজগঞ্জের চৌরাস্তা, বগুড়ার চারমাথা ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গোলাম পরওয়ার বলেন, ১১ দল তাদের ঘোষিত দাবিগুলো আদায় না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবে।