প্রবাসীদের ভোটাধিকার খর্বের উদ্যোগ মেনে নেওয়া হবে না: শফিকুর রহমান
দেশবাসীকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরকার সরে গিয়ে উল্টো পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার খর্বের কোনো উদ্যোগ নেওয়া হলে তা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি বলেন, প্রবাসীদের শুধু ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যা দিলেই সরকারের দায়িত্ব শেষ হয় না। তাদের নাগরিক অধিকার নিশ্চিত করাও সরকারের দায়িত্ব। স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ করার কোনো উদ্যোগ নেওয়া হলে তা গ্রহণ করা হবে না।
শফিকুর রহমান বলেন, প্রবাসীদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলে সেটি তাদের প্রতি জুলুম হবে। এ ধরনের উদ্যোগের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন।
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়েও কথা বলেন জামায়াতের আমির। তিনি বলেন, দেশটির শ্রমবাজারে চতুর্থবারের মতো অচলাবস্থা তৈরি হওয়া ঠেকাতে শ্রমবাজারে থাকা সিন্ডিকেট ভাঙতে হবে।
তিনি আরও বলেন, বিরোধী দল হিসেবে তারা ক্ষমতার জন্য নয়, জনগণের বিজয় চান। সংসদ ও সংসদের বাইরে অন্যায় এবং জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে তারা কথা বলবেন।
এ সময় ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা বন্ধ করার উদ্দেশ্যে কোনো আইন করা হলে তা মেনে নেওয়া হবে না।