তেজগাঁও কলেজের মসজিদে বৈঠক, ২৩ জনকে আটক
রাজধানীর ইন্দিরা রোডে তেজগাঁও কলেজের একটি মসজিদে বৈঠক করার সময় উগ্রবাদী কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পর মসজিদে বৈঠক চলাকালে তাদের আটক করা হয়।
তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ওই মসজিদে জড়ো হয়েছিলেন। তবে আটক ২৩ জন একই সংগঠনের সদস্য কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আটকদের জিজ্ঞাসাবাদসহ তাদের বিষয়ে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।