‘তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন’: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দেশের গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়। তিনি তারেক রহমানকে ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হওয়ার অভিযোগও করেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার না করে এনসিপি ও বিরোধী দলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। সাহস থাকলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুর্নীতির অভিযোগ তদন্ত করার আহ্বান জানান তিনি। তার অভিযোগ, শেখ হাসিনার আমলে ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো সংস্কার না করে সরকার একই পথে হাঁটছে।
তিনি আরও অভিযোগ করেন, পুলিশ সংস্কার কমিশনের কার্যকর উদ্যোগ না নিয়ে পুলিশকে বিরোধী মত দমনের জন্য প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সরকার এমন কিছু আইন ও প্রতিষ্ঠান তৈরি করছে, যা নাগরিকদের মৌলিক অধিকার হরণের সুযোগ তৈরি করছে।
এদিকে, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গুম প্রতিরোধ ও মানবাধিকার সুরক্ষায় জারি করা অধ্যাদেশগুলো পুনর্বহাল করা প্রয়োজন। একই সঙ্গে গুমের অভিযোগ তদন্তে স্বাধীন প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া এবং জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়ার দাবি জানান তিনি।
আখতার হোসেনের দাবি, জনগণ আশা করেছিল নতুন আইন ও সংস্কারের মাধ্যমে অপরাধ দমন এবং বিচারব্যবস্থা আরও শক্তিশালী হবে। কিন্তু তাদের অভিযোগ, সংসদে আনা কিছু আইনে উল্টো অপরাধ দমনের ব্যবস্থা দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
অন্যদিকে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমসহ তরুণ নেতৃত্ব সক্রিয় থাকলে তারেক রহমানের সরকার স্বৈরাচারী পথে হাঁটলে তা প্রতিহত করা হবে বলে তারা মনে করেন।