আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে ১১ দলের লংমার্চ শুরু
আট দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যের প্রধান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ জোটের অন্যান্য নেতাকর্মীরা।
উদ্বোধনী সমাবেশে নেতারা লংমার্চে অংশ নেওয়া নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন। কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্যও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, লংমার্চে কোনো ধরনের বাধা এলে তা উপেক্ষা করে জনগণের স্বার্থে কর্মসূচি সফল করা হবে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনাও দেওয়া হয়।
১১ দলীয় ঐক্যের কর্মসূচি অনুযায়ী, ঢাকা থেকে রংপুর পর্যন্ত নির্ধারিত পথে মোট সাতটি জনসভা ও পাঁচটি পথসভা অনুষ্ঠিত হবে। ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা ও রংপুরে এসব কর্মসূচি পালন করা হবে।
লংমার্চের সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে রংপুর জিলা স্কুল মাঠে।