রাজধানীতে ককটেল বিস্ফোরণের পর কাফরুলে বাসে আগুন
রাজধানীর বিভিন্ন এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের পর এবার কাফরুলে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক পরিবহণের একটি বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে শুক্রবার দুপুর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেট এলাকায় এবং সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণ হয়। এতে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেল বিস্ফোরণের পর কিছুক্ষণ পর যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও তিনটি বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীদের ছোটাছুটি করতে দেখা যায়।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু জানান, পৃথক চারটি বিস্ফোরণে একজন অটোরিকশাচালক আহত হয়েছেন। এসব ককটেল কোথা থেকে নিক্ষেপ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে ককটেলগুলো নিক্ষেপ করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত অটোরিকশাচালকেরও খোঁজ নেন। পরে যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে সন্ধ্যার দিকে মহাখালী ও আগারগাঁওয়েও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মহাখালী এলাকায় পরপর দুটি এবং আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি সড়কে আরও একটি ককটেল বিস্ফোরণ হয়। এসব ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ছাড়া জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহণের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে।
ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জাহিদ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।