সৌদির রিয়াদ ও ইয়ানবুতে দুটি সামরিক অভিযান চালানোর দাবি হুতিদের
সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (১৯ সেপ্টেম্বর) টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ দাবি করেন গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে।
হুতি মুখপাত্রের দাবি, সৌদি রাজধানী রিয়াদ এবং লোহিত সাগরের বন্দরনগরী ইয়ানবুকে লক্ষ্য করে এসব অভিযান চালানো হয়। হামলার লক্ষ্যবস্তুর মধ্যে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও সৌদি আরামকোর তেল স্থাপনা ছিল বলেও জানান তিনি।
ইয়াহিয়া সারে বলেন, এসব অভিযানে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছে। ইয়েমেনে সৌদি আরবের চলমান বিমান হামলার জবাব হিসেবেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করেন তিনি।
হুতি মুখপাত্র আরও অভিযোগ করেন, গত এক সপ্তাহে ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি আরব তিন শতাধিক বিমান হামলা চালিয়েছে। তবে হুতিদের এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
গত জুলাইয়ে সৌদি আরবের বিরুদ্ধে নৌ-অবরোধ ঘোষণার পর থেকে দেশটির বিভিন্ন স্থাপনা ও জাহাজে হামলা চালানোর দাবি করে আসছে হুতিরা। এর মধ্যে লোহিত সাগরে সৌদি মালিকানাধীন বা দেশটির সঙ্গে সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করেও হামলার অভিযোগ রয়েছে।