রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমঢাকা প্রতিদিনভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারি বৃষ্টিতে ডুবল রাজধানীর বিভিন্ন এলাকা, দুর্ভোগে নগরবাসী

রাজধানীতে ভোর থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিতে বিভিন্ন সড়ক ও অলিগলি পানিতে তলিয়ে গেছে। কোথাও হাঁটুপানি, আবার কোথাও কোমরসমান পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।


রোববার (২০ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে রামপুরাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় দমকা বাতাসের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় কয়েক দফা বজ্রপাতও হয়। পরে বাতাসের তীব্রতা কমলেও বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকে।


ভারি বৃষ্টিতে মুগদা, খিলগাঁও, সবুজবাগ, গোড়ান, মানিকনগর, তালতলা, মতিঝিল, মালিবাগ, আরামবাগ, গুলিস্তান ও পল্টনসহ বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অনেক সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।


খিলগাঁওয়ের সিপাহীবাগ, মুগদা ও গোড়ানের বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। মানিকনগরের ব্যবসায়িক এলাকার অনেক দোকানে পানি ঢুকে পড়েছে। আরামবাগ মোড় থেকে ফকিরাপুল ও কাকরাইল সড়কের বিভিন্ন অংশেও পানি জমে যান চলাচল ব্যাহত হয়েছে। মালিবাগে প্রধান সড়ক ও ফুটপাত ছাপিয়ে কয়েকটি দোকানে পানি ঢুকে পড়েছে।


জলাবদ্ধতার কারণে রিকশা ও গণপরিবহন চলাচলেও সমস্যা দেখা দিয়েছে। অনেক যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন।


মতিঝিলের এক রিকশাচালক বলেন, পানি এত বেশি যে প্যাডেল চালানো কঠিন হয়ে পড়েছে। কোথাও সড়কে গর্ত রয়েছে কি না, পানির কারণে সেটিও বোঝা যাচ্ছে না।


গোড়ান এলাকার এক বাসিন্দা জানান, দীর্ঘ সময় অপেক্ষা করেও রিকশা পাওয়া যায়নি। রিকশা মিললেও স্বাভাবিকের চেয়ে দ্বিগুণের বেশি ভাড়া চাওয়া হয়েছে।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, নালা-নর্দমা ও পাইপলাইনে জমে থাকা ময়লা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে প্রতিবছর বর্ষা মৌসুমে রাজধানীতে জলাবদ্ধতার পুনরাবৃত্তি ঘটছে।


গোড়ান এলাকার বাসিন্দারা জানান, বড় বড় পাইপ বসানো হলেও সেগুলো নিয়মিত পরিষ্কার করা হয় না। প্লাস্টিক, পলিথিনসহ বিভিন্ন বর্জ্য পাইপে জমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি করছে।


আরেক বাসিন্দার অভিযোগ, অনেক ক্ষেত্রে নতুন ড্রেন নির্মাণের পর নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয় না। খোলা ডাস্টবিনের বর্জ্য পাইপলাইনে জমে থাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায়।


দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে রাজধানীর জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।