রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
হোমরাজনীতিস্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের পোস্ট

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের পোস্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ছয় মাসের সাফল্য’ নিয়ে হাসনাতের পোস্ট

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।


শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথিত ‘উল্লেখযোগ্য সাফল্য’ হিসেবে চারটি বিষয় উল্লেখ করেন। এসব বক্তব্যে মন্ত্রীর ছেলে এবং বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে কয়েকটি অভিযোগ ও মন্তব্য করেন তিনি।


হাসনাতের পোস্টে বলা হয়, গত ছয় মাসে স্বরাষ্ট্রমন্ত্রীর উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে—তার ছেলের বিসিবির পরিচালক হওয়া, প্রায় ৬০০ কোটি টাকার কমিশনের একটি জাপানি কোম্পানির স্থানীয় এজেন্ট হিসেবে কাজ পাওয়ার দাবি, সচিবদের সঙ্গে বৈঠকের সুযোগ তৈরি এবং বিমানবন্দরের ইমিগ্রেশন ব্যবস্থাপনার স্থানীয় এজেন্ট হিসেবে কাজ পাওয়ার চেষ্টায় এগিয়ে থাকা। এ ছাড়া মন্ত্রীর ছেলের শিক্ষক থেকে ব্যবসায়ী হয়ে ওঠার বিষয়টিও পোস্টে উল্লেখ করেন তিনি।


পোস্টের শেষাংশে হাসনাত আবদুল্লাহ লেখেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে তা তিনি জানেন না, তবে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত আর্থিক উন্নতির গতি ‘লক্ষণীয়’ বলে মন্তব্য করেন।


হাসনাতের এসব অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এর আগে ১৭ আগস্ট স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, সরকারের প্রথম ছয় মাস বা ১৮০ দিনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। একই সঙ্গে তিনি বলেছিলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিস্থিতি আরও উন্নত করতে সময় প্রয়োজন।


হাসনাত আবদুল্লাহর ওই ফেসবুক পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এ নিয়ে আলোচনা চলছে। তবে পোস্টে উত্থাপিত ব্যবসায়িক ও আর্থিক অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।