ইরান নিয়ে ‘বড় কিছু’ ঘটার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরান ইস্যুতে তিনি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান তার আচরণ পরিবর্তন না করলে সামনে বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
রোববার (২০ সেপ্টেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, ইরান নিয়ে তিনি এখন ‘ডিসাইডিং মোডে’ রয়েছেন। তেহরানকে আচরণ পরিবর্তন করতে হবে। তা না হলে অদূর ভবিষ্যতে ‘খুব বড় কিছু’ ঘটতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ, অর্থনৈতিক চাপ অব্যাহত রাখা কিংবা সমঝোতার মতো বিভিন্ন বিকল্প বিবেচনায় রয়েছে বলেও তিনি জানান।
এ সময় ইরানকে নিয়ে কঠোর ভাষায় নিজের অবস্থান তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, তার সামনে বড় সিদ্ধান্ত রয়েছে এবং ইরানকে অবশ্যই সংযত আচরণ করতে হবে।
এদিকে সোমবার থেকে শুরু হওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন ট্রাম্প। তিনি পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী বলে জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে ঘিরে ট্রাম্প ও পেজেশকিয়ান দুজনই নিউইয়র্কে থাকছেন। ইরান-যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে তাদের সম্ভাব্য বৈঠক কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তবে সম্ভাব্য বৈঠক নিয়ে ট্রাম্পের বক্তব্যের বিষয়ে পেজেশকিয়ান বা তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।