ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের উদ্যোগ
ইতালির স্কুলগুলোতে বোরকা ও নিকাব নিষিদ্ধ এবং শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি রোববার (২০ সেপ্টেম্বর) এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।
রোমে নিজের দল ব্রাদার্স অব ইতালির যুব সংগঠনের এক অনুষ্ঠানে মেলোনি বলেন, শিগগিরই এ বিষয়ে একটি প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। এতে প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণের পাশাপাশি স্কুলে বোরকা ও নিকাব পরার ওপর নিষেধাজ্ঞার কথা রয়েছে। তবে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কত নির্ধারণ করা হবে, তা এখনো জানানো হয়নি।
একই প্রস্তাবে স্কুলের সঙ্গে গুরুতরভাবে মানিয়ে নিতে সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানিয়েছেন মেলোনি। তাঁর বক্তব্য অনুযায়ী, ইতালিতে ভবিষ্যৎ গড়তে চাইলে দেশটির ভাষা শেখা, সংস্কৃতি বোঝা এবং আইন মেনে চলা গুরুত্বপূর্ণ।
ইতালির স্কুলগুলোতে বিদেশি নাগরিক শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর প্রায় ১১ দশমিক ৬ শতাংশ। দেশটিতে প্রতি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যার ক্ষেত্রে আগে থেকেই কিছু সীমা রয়েছে, তবে নতুন উদ্যোগে সেটি আইনি কাঠামোর মাধ্যমে নির্ধারণের কথা বলা হয়েছে।
মেলোনির ঘোষণার পর আগামী বছর অনুষ্ঠেয় ইতালির সাধারণ নির্বাচন সামনে রেখে অভিবাসন ও একীভূতকরণ ইস্যুতে রাজনৈতিক বিতর্ক আরও গুরুত্ব পেতে পারে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এর আগে জুলাইয়ে দেশটির ন্যাশনাল ফিউচার পার্টিও স্কুলে বোরকা ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধের দাবি জানিয়েছিল।
তবে এসব পদক্ষেপ এখনো ঘোষিত পরিকল্পনার পর্যায়ে রয়েছে। সরকার অনুমোদনের পর প্রস্তাবটি আইনে পরিণত করতে সংসদের অনুমোদন প্রয়োজন হবে।