রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিনের দলের রেকর্ড জয়
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসনে জয় পেয়েছে। তিন দিনব্যাপী নির্বাচনের প্রাথমিক ফল অনুযায়ী, ৪৫০ আসনের স্টেট ডুমায় দলটি ৩৫৫টি আসন পেয়েছে।
রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা সোমবার প্রাথমিক ফলাফল প্রকাশ করেন। এতে দেখা যায়, ৯৫ শতাংশের বেশি ভোট গণনার পর ইউনাইটেড রাশিয়া দলীয় তালিকায় ৫৭ দশমিক ৮৩ শতাংশ ভোট পেয়েছে। দলটির আগের সর্বোচ্চ আসনসংখ্যা ছিল ৩৪৩, যা ২০১৬ সালের নির্বাচনে পেয়েছিল।
এই ফলাফলের ফলে ৪৫০ সদস্যের স্টেট ডুমায় ইউনাইটেড রাশিয়ার সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা বজায় থাকছে। নির্বাচনটি ছিল ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর দেশটির প্রথম পার্লামেন্ট নির্বাচন।
নির্বাচনে কমিউনিস্ট পার্টি ৪০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপিআর) ২৫টি এবং নিউ পিপল পার্টি ২০টি আসন পেয়েছে বলে প্রাথমিক ফলাফলে জানানো হয়েছে। ভোটার উপস্থিতি ৫৯ শতাংশের বেশি ছিল।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ ফলাফলকে প্রেসিডেন্ট পুতিনের নেতৃত্ব ও নীতির প্রতি জনসমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরেছেন। তবে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে পুতিনবিরোধী ও যুদ্ধবিরোধী রাজনৈতিক শক্তির অংশগ্রহণ ব্যাপকভাবে সীমিত ছিল।
নির্বাচনের শেষ দিনে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিভিন্ন এলাকায় বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়। রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, এসব হামলার মধ্যেও কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
একই সময়ে চেচনিয়ার আঞ্চলিক নির্বাচনে রমজান কাদিরভ ৯৯ দশমিক ৮৫ শতাংশ ভোট পেয়ে আবারও জয়ী হয়েছেন বলে ফলাফলে জানানো হয়েছে।
তবে নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন পক্ষ সমালোচনা করেছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস নির্বাচনে বিরোধী মত দমন ও পর্যবেক্ষকদের অংশগ্রহণের সীমাবদ্ধতার সমালোচনা করেছেন।