ইরানি এয়ারলাইনসের আন্তর্জাতিক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
বিশ্বের বিভিন্ন দেশে ইরানি এয়ারলাইনসের আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বুধবার থেকে এ কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।
সোমবার (২১ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ সতর্কবার্তা দেন।
স্কট বেসেন্ট বলেন, ইরানি এয়ারলাইনসের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার প্রভাব শুধু বিমান সংস্থাগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। ইরানি বিমানকে সহযোগিতা করা বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকিট বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানও এ নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।
তিনি আরও জানান, কোনো ইরানি বিমান বিদেশে অবতরণের পর তাকে কোনো ধরনের সেবা দেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি এসব প্রতিষ্ঠানকে ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকিও দেওয়া হয়েছে।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চলমান অর্থনৈতিক চাপের অংশ হিসেবেই সর্বশেষ এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও অব্যাহত রেখেছে ওয়াশিংটন।
এর আগে চলতি মাসের শুরুতে ইরানের যেসব বিমান সংস্থা তখনও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসেনি, সেগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ। পাশাপাশি ইরানের বেসামরিক বিমান চলাচল খাতকে সহযোগিতা করার অভিযোগে দেশটির বাইরের কয়েকটি প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়।
তথ্যসূত্র: আল জাজিরা