মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বপারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থগিতের বিনিময়ে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান

পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থগিতের বিনিময়ে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থগিতের বিনিময়ে উত্তর কোরিয়ার নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান

উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি স্থগিতের বিনিময়ে দেশটির ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।


‘নিউইয়র্ক টাইমস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ প্রস্তাব তুলে ধরেন। লি জে মিয়ং মনে করেন, দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা আরোপ করেও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি থামানো সম্ভব হয়নি। তাই নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে পিয়ংইয়ংকে নতুন পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের উন্নয়ন বন্ধে রাজি করানোর উদ্যোগ নেওয়া যেতে পারে।


দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার বিষয়ে তারা এতদিনের ‘পারমাণবিক নিরস্ত্রীকরণ প্রথম’ নীতি থেকে সরে এসে ‘শান্তি প্রথম প্রতিষ্ঠা’ নীতির দিকে এগোচ্ছেন।


সাক্ষাৎকারে লি জে মিয়ং বলেন, বর্তমান অচলাবস্থা দীর্ঘায়িত হওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষণ অনুযায়ী, উত্তর কোরিয়া প্রতিবছর নতুন করে ১০ থেকে ২০টি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রাখে।


তার আশঙ্কা, একপর্যায়ে নিজেদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অস্ত্রের মজুদ হয়ে গেলে পিয়ংইয়ং অর্থ উপার্জনের জন্য এসব অস্ত্র বিদেশে রপ্তানির চেষ্টা করতে পারে। এমন পরিস্থিতি আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।


লি জে মিয়ংয়ের মতে, সরাসরি উত্তর কোরিয়াকে পারমাণবিক নিরস্ত্রীকরণে রাজি করানোর পরিবর্তে প্রথমে দেশটির নতুন পারমাণবিক অস্ত্র উৎপাদন বন্ধ করানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এরপর ধাপে ধাপে পারস্পরিক ছাড় ও সুযোগ-সুবিধার মাধ্যমে দুই পক্ষের মধ্যে আস্থা তৈরি করা গেলে ভবিষ্যতে উত্তর কোরিয়াকে অস্ত্রের মজুদ কমানোর বিষয়ে রাজি করানো সম্ভব হতে পারে।


এদিকে, দুই কোরিয়ার সম্পর্ক বর্তমানে বেশ অচলাবস্থার মধ্যে রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইতোমধ্যে দুই কোরিয়ার পুনর্মিলনের নীতি থেকে সরে এসে দক্ষিণ কোরিয়াকে প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছেন।


অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কিম জং উনের সঙ্গে বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংও দুই পক্ষের মধ্যে আলোচনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।


চলতি সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনে কোরীয় উপদ্বীপে শান্তি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে তার নতুন কৌশল ও রূপরেখা বিশ্বনেতাদের সামনে তুলে ধরার কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের।