মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বহুতিদের অস্ত্র-সহায়তা বন্ধে ইরানকে জি-৭-এর আহ্বান

হুতিদের অস্ত্র-সহায়তা বন্ধে ইরানকে জি-৭-এর আহ্বান

favicon
ভোরের আলো ডেস্ক:
হুতিদের অস্ত্র-সহায়তা বন্ধে ইরানকে জি-৭-এর আহ্বান

ইয়েমেনের হুতিদের অস্ত্র ও অন্যান্য সহায়তা দেওয়া বন্ধ করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। হুতিদের কর্মকাণ্ডকে বিপজ্জনকভাবে উত্তেজনা বাড়ানোর ধারা হিসেবে উল্লেখ করে জোটটি বলেছে, এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি বৈশ্বিক অস্থিতিশীলতার ঝুঁকি তৈরি হতে পারে।


সোমবার (২১ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠক শেষে দেওয়া এক যৌথ বিবৃতিতে ইরানের প্রতি এই আহ্বান জানানো হয়।


বিবৃতিতে ইয়েমেন ও সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে হুতিদের সব ধরনের সামরিক কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে জি-৭।


এ ছাড়া বেসামরিক জাহাজ চলাচলের ওপর সব ধরনের হুমকি ও হামলা বন্ধ করে হুতিদের রাজনৈতিক প্রক্রিয়ায় আন্তরিকভাবে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে।


জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রীরা সতর্ক করে বলেন, হুতিদের প্রতি ইরানের অস্ত্র ও অন্যান্য সহায়তা অব্যাহত থাকলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক স্থিতিশীলতার ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।