হরমুজ প্রণালি খোলার আশায় দুই সপ্তাহের সর্বনিম্নে তেলের দাম
মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে তেল সরবরাহ সংকট কমার আশাব্যঞ্জক খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে দুই সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। হরমুজ প্রণালি আগামী সাত দিনের মধ্যে খুলে দেওয়ার বিষয়ে ইরানের ইতিবাচক ইঙ্গিত এবং সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে পুনরায় তেল রফতানি শুরুর খবরে বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে।
লন্ডন সময় সকাল ১০টা ২৭ মিনিটে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের নভেম্বরের চুক্তির দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ০১ ডলার বা ২ শতাংশ কমে ৯৮ দশমিক ৩৩ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের অক্টোবরের চুক্তির দাম ২ দশমিক ৫০ ডলার বা ২ দশমিক ৬১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ২৮ ডলারে দাঁড়ায়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান আগামী সাত দিনের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ পুনরায় খুলে দিতে রাজি হতে পারে—এমন খবর প্রকাশের পরই তেলের দামে বড় ধরনের পতন দেখা দেয়।
ক্যাপিটাল ইকোনমিকসের জ্যেষ্ঠ জলবায়ু ও পণ্যবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসাইন বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার ইঙ্গিত আন্তর্জাতিক কূটনীতিতে অগ্রগতির একটি ইতিবাচক লক্ষণ হতে পারে। তবে স্থায়ী সমাধানে পৌঁছানোর আগে ট্রানজিট ফি ও টোল নিয়ে জটিলতাসহ আরও কিছু কূটনৈতিক প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে আন্তর্জাতিক বাজারে তেলের দরপতনের পেছনে সৌদি আরবের সরবরাহ কার্যক্রম পুনরায় শুরু করাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব তাদের অভ্যন্তরীণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু করেছে।
এর ফলে মঙ্গলবার থেকে লোহিত সাগরের তীরবর্তী ইয়ানবু বন্দর দিয়ে সৌদি আরব পুনরায় অপরিশোধিত তেল রফতানি শুরু করতে যাচ্ছে। সরবরাহ পরিস্থিতির এই উন্নতিতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও কমার চাপ তৈরি হয়েছে।