জাতিসংঘ অধিবেশন ঘিরে নিউইয়র্কে বোমা আতঙ্ক, সন্দেহজনক স্যুটকেস উদ্ধার
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন ঘিরে নিউইয়র্কে সন্দেহজনক একটি স্যুটকেসকে কেন্দ্র করে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি এলাকায় স্যুটকেসটি পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ ও মার্কিন সিক্রেট সার্ভিস।
ঘটনার পর সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। পরে নিউইয়র্ক পুলিশ বিভাগের বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়ে নিশ্চিত করে, স্যুটকেসটি বিপজ্জনক ছিল না। এরপর ধীরে ধীরে বন্ধ থাকা সড়কগুলো যানবাহন ও পথচারীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
প্রাথমিকভাবে দ্বিতীয় ও লেক্সিংটন অ্যাভিনিউয়ের মধ্যবর্তী ৪২তম থেকে ৪৪তম স্ট্রিটের কয়েকটি ব্লকে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ রাখা হয়। বোমা স্কোয়াডের তল্লাশিতে কোনো ঝুঁকি না পাওয়ার পর অধিকাংশ সড়কে বিধিনিষেধ তুলে নেওয়া হলেও তৃতীয় ও লেক্সিংটন অ্যাভিনিউয়ের মধ্যবর্তী ৪৩তম স্ট্রিটে কিছু সময়ের জন্য নিরাপত্তা ব্যবস্থা বহাল ছিল।
ঘটনার সময় এলাকায় উপস্থিত এক স্থানীয় কর্মজীবী জানান, দুপুরের দিকে হঠাৎ একাধিক ভিআইপি গাড়ির বহর ও বিপুলসংখ্যক পুলিশ সদস্য এসে সড়ক ঘিরে ফেলেন। আরেক প্রত্যক্ষদর্শীর ভাষ্য, ৪২তম স্ট্রিটের উত্তর পাশের থার্ড অ্যাভিনিউ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হয়, পরিত্যক্ত কোনো স্যুটকেস বা ব্যাগ থেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছিল। তবে তল্লাশির পর এতে কোনো বিপজ্জনক উপাদান পাওয়া যায়নি।
জাতিসংঘের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ককে কেন্দ্র করে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর এবং ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি চলছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতি থাকায় জাতিসংঘ সদর দপ্তর ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এমন নিরাপত্তাব্যবস্থার মধ্যেই সদর দপ্তরের কাছাকাছি সন্দেহজনক স্যুটকেস পাওয়ার ঘটনায় কিছু সময়ের জন্য এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।