কাতার থেকে আরও দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে আরও দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।
প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী ৬ নভেম্বর ও ২২ নভেম্বর দেশে সরবরাহ করা হবে। দুটি কার্গোর সরবরাহকারী হিসেবে কাতার এনার্জি ট্রেডিং এলএলসিকে সুপারিশ করা হয়েছে।
সভায় জানানো হয়, প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম জেকেএমের নির্ধারিত মূল্যের চেয়ে শূন্য দশমিক শূন্য দুই মার্কিন ডলার কম হারে নির্ধারণ করা হয়েছে। এ মূল্য বিদ্যমান দীর্ঘমেয়াদি চুক্তিতে নির্ধারিত মূল্যের তুলনায় ভিন্ন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এলএনজি কেনার প্রস্তাবটি সভায় উপস্থাপন করা হয়। পরে কমিটি প্রস্তাবটি অনুমোদনের সুপারিশ করে।
দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ এবং এলএনজির সরবরাহ নিশ্চিত করতে সরকারের চলমান ব্যবস্থার অংশ হিসেবে অতিরিক্ত এই দুই কার্গো কেনা হচ্ছে।