বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
হোমবিশ্বমার্কিন নিষেধাজ্ঞায় ইরানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

favicon
ভোরের আলো ডেস্ক:
মার্কিন নিষেধাজ্ঞায় ইরানের কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

ইরানের বিমান চলাচল খাতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা কার্যকরের পর দেশটির কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।


বুধবার (২৩ সেপ্টেম্বর) তেহরানের একটি ভ্রমণ সংস্থার তথ্যের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সংস্থাটি জানিয়েছে, বাগদাদ, মাসকাট, কাতার, জর্জিয়া ও আজারবাইজানগামী কিছু ফ্লাইট বন্ধ হয়েছে। তবে চীনসহ কয়েকটি দেশে ইরানের বিমান চলাচল এখনো অব্যাহত রয়েছে।


সোমবার ইরানের বিরুদ্ধে নতুন কিছু নিষেধাজ্ঞা ঘোষণা করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের মধ্যে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং দেশটির ওপর চাপ সৃষ্টি করাই এসব পদক্ষেপের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।


তবে ইরানের বিমান চলাচল খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা নতুন নয়। বহু বছর ধরেই দেশটির বিমান পরিবহন খাত বিভিন্ন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। নতুন নিষেধাজ্ঞার প্রভাব কতটা হবে এবং অন্যান্য দেশ তা কীভাবে বাস্তবায়ন করবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।


ফ্লাইট পর্যবেক্ষণ সংস্থা ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, নতুন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও ইরানের বড় বিমান সংস্থা মাহান এয়ারের একটি ফ্লাইট তেহরান থেকে চীনের গুয়াংঝুতে পৌঁছেছে। তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরের তথ্য অনুযায়ী, চীনের সাংহাইয়ের উদ্দেশেও একটি ফ্লাইট পরিচালনার কথা ছিল।


তেহরানের এক ভ্রমণ এজেন্ট এএফপিকে জানিয়েছেন, ইস্তাম্বুলগামী কিছু ফ্লাইট চালু রাখার কথা থাকলেও অন্যান্য কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে। পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় ফ্লাইট বাতিলের আশঙ্কায় তারা আপাতত নতুন টিকিট বিক্রি করছেন না বলেও জানান তিনি।


এদিকে আফগানিস্তানের কাবুল থেকে মাহান এয়ারের একটি ফ্লাইট বুধবার দুপুরের দিকে তেহরানে পৌঁছানোর কথা ছিল। তেহরান বিমানবন্দরের তথ্য অনুযায়ী, ইরানের কয়েকটি ছোট বিমান সংস্থা তুরস্ক ও আর্মেনিয়ায় কিছু ফ্লাইট পরিচালনা করছিল। পাশাপাশি ইরাকের নাজাফ ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইগামী কয়েকটি ফ্লাইটও নির্ধারিত ছিল।


মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের বিমান সংস্থাগুলোর কার্যক্রম বন্ধ করতে যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে। তিনি অন্য দেশগুলোকে সতর্ক করে বলেন, ইরানি বিমানকে জ্বালানি, বিমানবন্দর সেবা বা টিকিট বিক্রির মতো সহায়তা দেওয়া হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও মার্কিন ব্যবস্থা নেওয়া হতে পারে।


এ ধরনের পদক্ষেপের ফলে ইরানের নাগরিকদের বিদেশে যাতায়াত এবং বিদেশ থেকে দেশে ফেরার ক্ষেত্রে আরও জটিলতা তৈরি হতে পারে।


অন্যদিকে, ইরাক সরকার প্রকাশ্যে এখনো নিষেধাজ্ঞা কার্যকরের ঘোষণা দেয়নি। তবে ইরাকের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাসহ কয়েকটি সূত্র এএফপিকে জানিয়েছে, দেশটি যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা মেনে চলবে।