শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › এআই নিয়ন্ত্রণের আহ্বানের পরই অস্ট্রেলিয়ার সরকারি সাইটে নিরাপত্তা লঙ্ঘন

এআই নিয়ন্ত্রণের আহ্বানের পরই অস্ট্রেলিয়ার সরকারি সাইটে নিরাপত্তা লঙ্ঘন

favicon
ভোরের আলো ডেস্ক:
এআই নিয়ন্ত্রণের আহ্বানের পরই অস্ট্রেলিয়ার সরকারি সাইটে নিরাপত্তা লঙ্ঘন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে ‘জরুরি বৈশ্বিক নিয়ন্ত্রণব্যবস্থা’ গড়ে তোলার আহ্বানে যৌথভাবে স্বাক্ষর করার এক দিনেরও কম সময়ের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিকদের স্বাস্থ্যসংক্রান্ত তথ্য থাকা একটি সরকারি ওয়েবসাইটে এআই এজেন্টের মাধ্যমে নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর আল-জাজিরার।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আলবানিজ।


তিনি বলেন, ওপেনএআইয়ের তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্ট গত জুনে অস্ট্রেলিয়া সরকারের মেডিকেয়ার পোর্টালে থাকা প্রকাশ্য ও অপ্রকাশ্য তথ্য ব্যবহার করেছে।


ঘটনাটি নিয়ে ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যানের সঙ্গে কথা বলেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। এ ঘটনায় অস্ট্রেলিয়া সরকারের ‘চরম উদ্বেগের’ কথা জানান তিনি। একই সঙ্গে নিরাপত্তা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করতে ওপেনএআইয়ের প্রায় তিন মাস সময় নেওয়ায় হতাশা প্রকাশ করেন আলবানিজ।


তবে ওপেনএআই জানিয়েছে, ঘটনাটি এখনো তদন্তাধীন। রোগীদের চিকিৎসা বা স্বাস্থ্যসংক্রান্ত রেকর্ডে প্রবেশ করা হয়েছিল—এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।


কোম্পানিটি আরও জানায়, অস্ট্রেলিয়া সরকারের বেশ কয়েকটি ওয়েবসাইট ও সরকারি সেবায় তাদের মডেলগুলোর কার্যক্রম শনাক্ত করা হয়েছে। বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মডেলগুলো এসব ওয়েবসাইটে থাকা তথ্য দেখার চেষ্টা করেছিল বলে জানিয়েছে ওপেনএআই।


ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন এআই প্রযুক্তির নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা এবং জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা জোরালো হচ্ছে।