আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, বর্তমান সরকারের আমলে রাষ্ট্র সংস্কার না হলে ভবিষ্যতে আর রাষ্ট্র সংস্কারের সুযোগ নাও আসতে পারে। সরকার রাষ্ট্র সংস্কারের পথে রয়েছে বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
রাশেদ খাঁন দাবি করেন, জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে। তাঁর অভিযোগ, সরকারের বিরুদ্ধে ‘৭১-এর ঘাতক’ ও ‘২৪-এর পরাজিত শক্তি’ এক হয়ে দেশকে অশান্ত করার চেষ্টা করছে।
জামায়াতের রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, দলটি বর্তমানে সংসদে বিরোধী দল হিসেবে ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। তাঁর ভাষ্য, ছায়া মন্ত্রিসভার দায়িত্ব সরকারের যৌক্তিক সমালোচনা করা ও প্রয়োজনে সহযোগিতা করা। তবে জামায়াতের নেতৃত্বে গঠিত ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি।
জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও দাবি করেন রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, লংমার্চের মাধ্যমে সরকার পতনের হুমকি দেওয়া হলেও জামায়াতের ডাকে মানুষ আর রাজপথে নামবে না।
এ সময় জামায়াত নেতাদের সতর্ক করে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে দলটি আবার ক্ষমতায় ফিরে জামায়াতের নেতাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে পারে। এ বিষয়ে জামায়াত নেতাদের সতর্ক থাকার কথাও বলেন তিনি।
এর আগে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশেদ খাঁন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।