রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ভুলে গাজার স্পষ্ট ছবি প্রকাশ, ইসরায়েলি সেনাঘাঁটির চিত্রও ফাঁস

ভুলে গাজার স্পষ্ট ছবি প্রকাশ, ইসরায়েলি সেনাঘাঁটির চিত্রও ফাঁস

favicon
ভোরের আলো ডেস্ক:
ভুলে গাজার স্পষ্ট ছবি প্রকাশ, ইসরায়েলি সেনাঘাঁটির চিত্রও ফাঁস

গাজা উপত্যকার কয়েকটি এলাকার স্পষ্ট স্যাটেলাইট ছবি ইসরায়েলের সরকারি ম্যাপিং ওয়েবসাইটে ভুল করে প্রকাশিত হয়েছে। একই সময়ে ইসরায়েলি সেনাদের কয়েকটি ঘাঁটির ছবিও সেখানে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর দ্রুত ছবিগুলো সরিয়ে ফেলে ইসরায়েল।


সোমবার (২১ সেপ্টেম্বর) এক্সে @Stinky915846091 নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে বিষয়টি প্রথম নজরে আসে। অ্যাকাউন্টটি উন্মুক্ত উৎসভিত্তিক গোয়েন্দা তথ্য নিয়ে কাজ করে এবং গাজা উপত্যকার বিভিন্ন ঘটনার ভৌগোলিক অবস্থান শনাক্ত করে থাকে।


বিষয়টি প্রকাশ্যে আসার পর অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট ছবিগুলো ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়। পরে একই এলাকার অপেক্ষাকৃত ঝাপসা ছবি প্রকাশ করা হয়।


ঘটনাটি নিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের সরকারি ম্যাপে অল্প সময়ের জন্য উত্তর গাজার কয়েকটি এলাকার স্পষ্ট স্যাটেলাইট ছবি দেখা যায়। পরে সেগুলো সরিয়ে নেওয়ার আগেই অন্য এক ব্যবহারকারী ছবিগুলো সংরক্ষণ করেন।


পরবর্তী সময়ে এসব ছবি স্যাটেলাইট চিত্র, ড্রোন তথ্য ও ভৌগোলিক তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম সোর এটলাসে প্রকাশ করা হয়।


প্রকাশিত ছবিতে উত্তর গাজার বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়। এর মধ্যে বেইত লাহিয়া ও বেইত হানুন শহরের বিভিন্ন অংশের ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোও রয়েছে। ছবিতে ক্ষতিগ্রস্ত ভবন, সড়কসহ জনজীবনের ওপর সংঘাতের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়।


এ ছাড়া বাফার জোনের ভেতরে সামরিক যানসহ ইসরায়েলি সেনাবাহিনীর অন্তত ১১টি ঘাঁটির ছবিও শনাক্ত করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গাজা সিটির যাইতুন ও জাবালিয়া এলাকার স্যাটেলাইট ছবিতেও একই ধরনের সামরিক স্থাপনার চিত্র পাওয়া গেছে।


২০২৩ সালে গাজায় যুদ্ধ শুরুর পর ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক ও স্বাধীন মূল্যায়নে উপত্যকার বিপুলসংখ্যক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়ার তথ্য উঠে এসেছে। এর মধ্যে আবাসিক ভবনের পাশাপাশি স্কুল, হাসপাতাল ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোও রয়েছে।