দেশের বাজারে স্বর্ণের দাম কমল, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমিয়েছে বাজুস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রূপার প্রতি ভরি দাম ৪ হাজার ৮৪১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার প্রতি ভরি দাম ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, দেশের বাজারে এখন থেকে এসব দামেই স্বর্ণ ও রূপা বিক্রি হবে।