রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজনীতি › এবার ক্ষমতার গরমের আঁচ স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

এবার ক্ষমতার গরমের আঁচ স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

favicon
ভোরের আলো ডেস্ক:
এবার ক্ষমতার গরমের আঁচ স্বাস্থ্যসেবা কেন্দ্রে: জামায়াত আমির

রাজধানীর মিরপুর ১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের পর পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।


শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘এবার ক্ষমতার গরমের আঁচ পড়ল স্বাস্থ্যসেবা কেন্দ্রের ওপর।’


ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান দাবি করেন, মধ্যরাতে মুখোশ পরা দুই শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর ও লুটপাট চালান। তার ভাষ্য অনুযায়ী, পরে একটি পাকা ও তিনটি আধা পাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।


তিনি আরও দাবি করেন, রাতের আঁধারে স্বাস্থ্যসেবা কেন্দ্রটি গুঁড়িয়ে দেওয়ার পর সেখানে একটি ‘রহস্যজনক’ সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।


ডা. শফিকুর রহমান বলেন, এর পেছনে কারা রয়েছে, তা আর অস্পষ্ট নয়। তার দাবি, জনগণের স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগটি এভাবে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে।


সরকার একদিকে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করছে, অন্যদিকে এমন ঘটনা ঘটছে—উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, ‘আর কত দিন এ ধরনের খেলা চলবে?’


স্বাস্থ্যসেবা কেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান জামায়াত আমির। পাশাপাশি এমন ঘটনায় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে জনগণের হাতে তাদের শাস্তি পেতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।