ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকট আরও প্রকট হতে পারে, সতর্কতা ইইউর
ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জ্বালানি সংকটের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন জোটটির জ্বালানি কমিশনার ড্যান জর্গেনসেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ইইউভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, সরবরাহ সংকটের সঙ্গে যুক্ত হয়ে ইউরোপ এখন জ্বালানির দাম নিয়ে নতুন সংকটের মুখোমুখি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় জ্বালানির চাহিদা কমানোসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
জর্গেনসেন বলেন, ‘আমরা সরবরাহ সংকটের সঙ্গে যুক্ত একটি মূল্যসংকটের মুখোমুখি হচ্ছি।’
ইইউর জ্বালানি কমিশনার জানান, ২০২১ সালের শীতের তুলনায় এবার পরিস্থিতি মোকাবিলায় ইউরোপ অনেক বেশি প্রস্তুত। ওই সময় রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় ইউরোপে বড় ধরনের জ্বালানি সংকট তৈরি হয়েছিল।
তবে আসন্ন শীতের জন্য সদস্য দেশগুলোকে এখন থেকেই প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন জর্গেনসেন। সম্ভাব্য সরবরাহ ঘাটতি মোকাবিলায় গ্যাসের মজুত বাড়ানোর পাশাপাশি গ্যাস ও বিদ্যুতের ব্যবহার কমানোর উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
ইইউভুক্ত দেশগুলোর জ্বালানিমন্ত্রীদের উদ্দেশে তিনি বলেন, যতদিন প্রয়োজন ততদিন গ্যাসের মজুত বাড়ানোর কার্যক্রম চালিয়ে যেতে হবে অথবা গ্যাস ও বিদ্যুতের চাহিদা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক তেল ও গ্যাসের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ইউরোপের জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত পদক্ষেপের ওপর জোর দিচ্ছে ইইউ।