আইনশৃঙ্খলার অবনতিতে মিরপুর-ইসিবিতে হামলা: জামায়াত
রাজধানীর মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশ প্যাকেজিং অ্যান্ড অ্যাকসেসরিজ ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিপিএএমইএ) ব্যবসায়ী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে আয়োজিত ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানান। তিনি বলেন, সরকারের মাত্র ছয় মাসের মধ্যেই এ ধরনের পরিস্থিতি সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।
তিনি আরও বলেন, সরকার সন্ত্রাসীদের কোনো ধরনের প্রশ্রয় না দিয়ে কঠোর অবস্থান নেবে—এটাই প্রত্যাশা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
ব্রিফিংয়ে বিপিএএমইএর সভাপতি বলেন, ব্যবসায়ীদের কাছে রাজনীতি মুখ্য বিষয় নয়; তারা নিরাপদ পরিবেশে ব্যবসা করতে চান। ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সংসদে বিরোধী দলের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের পাশে দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওসহ কয়েকটি স্থাপনায়ও হামলা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে জমি-সংক্রান্ত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় রোববার পর্যন্ত একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকেও থানায় মামলা করা হয়েছে বলে পুলিশ ও সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।
অন্যদিকে, মিরপুরের রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে জামায়াত।