কিয়েভে রুশ ড্রোন হামলায় নিহত ৩, আহত অন্তত ১০
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দেশটির সরকারি কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
কিয়েভের আঞ্চলিক প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, রোববার সোফিভস্কা বোরশচাহিভকা গ্রামের একটি বাজারে ড্রোন হামলা হয়। হামলার পর পুরো এলাকায় যানবাহন ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ছড়িয়ে পড়ে।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, শনিবার থেকে রাশিয়া ইউক্রেনের বিভিন্ন এলাকায় ২৭৭টি আক্রমণকারী ড্রোন পাঠিয়েছে। এসব হামলায় বেসামরিক ও সরকারি বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, কিয়েভে রুশ ড্রোন হামলায় একটি কিন্ডারগার্টেন, স্কুল, আবাসিক ভবন, গাড়ি মেরামতের দোকান, গুদাম ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দনিপ্রোর একটি ক্রীড়া বিদ্যালয় এবং সুমি অঞ্চলের একটি শিশুনিবাসও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
জেলেনস্কি আরও বলেন, কিয়েভে সৌদি আরবের রাষ্ট্রদূতের বাসভবন হিসেবে ব্যবহৃত একটি ভবনও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, যুদ্ধের জবাবে আন্তর্জাতিকভাবে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে রাশিয়া অবগত। তবে এ ধরনের পদক্ষেপ বিলম্বিত করার লক্ষ্যে মস্কো কূটনৈতিক সংকেত দেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।