ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডের হুমকি বেন-গভিরের
নির্বাচনের পর আবারও মন্ত্রিসভায় ফিরলে এবং প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার হুমকি দিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
সোমবার (২৮ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে বেন-গভিরকে ইসরাইলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নাগরিক হাসান সালামেহর সঙ্গে কথা বলতে দেখা যায়। ভিডিওতে সালামেহকে উদ্দেশ করে বেন-গভিরকে বলতে শোনা যায়, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’
ভিডিওটির সঙ্গে দেওয়া বিবৃতিতে বেন-গভির বলেন, তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে সালামেহর মতো ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করবেন।
একই বিবৃতিতে গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের সরিয়ে দেওয়ার নীতি এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।
হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরাইলি হেফাজতে রয়েছেন। ১৯৯০-এর দশকে প্রাণঘাতী কয়েকটি বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
বেন-গভিরের প্রকাশিত ভিডিও নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস প্রতিক্রিয়া জানিয়েছে। তারা ভিডিওটিকে সালামেহর বিরুদ্ধে সরাসরি ‘মৃত্যুর হুমকি’ হিসেবে উল্লেখ করে এর নিন্দা করেছে।
ইসরাইলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বেন-গভিরের এই বক্তব্য দেশটির বন্দি নীতি এবং গাজা ও পশ্চিম তীরের ফিলিস্তিনিদের বিষয়ে তার অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।