সার্বিয়ার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ালেন ভুচিচ
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ পদত্যাগ করেছেন। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করা ভুচিচ মেয়াদ শেষ হওয়ার প্রায় সাত মাস আগেই পদ ছাড়লেন। আগামী ২৫ অক্টোবরের আগাম পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার পথ তৈরি করতেই তাঁর এই সিদ্ধান্ত।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের সামনে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন ভুচিচ। তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে এটিই তাঁর শেষ সন্ধ্যা।
সার্বিয়ার সংবিধান অনুযায়ী, ভুচিচ তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তাঁর দ্বিতীয় মেয়াদ আগামী বছর মে মাসে শেষ হওয়ার কথা ছিল। এর আগেই পদত্যাগ করে তিনি তাঁর নেতৃত্বাধীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির হয়ে পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী পদের জন্য লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তাঁর দল নতুন সরকার গঠন করতে পারলে তিনি প্রধানমন্ত্রী হতে পারেন।
ভুচিচ এর আগে জুন মাসেই প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়েছিলেন। তাঁর পদত্যাগের পর নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত পার্লামেন্টের স্পিকার আনা ব্রনাবিচ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। নতুন প্রেসিডেন্ট নির্বাচন ৯০ দিনের মধ্যে সম্পন্ন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
এদিকে ভুচিচের সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শিক্ষার্থী নেতৃত্বাধীন বিক্ষোভ চলছে। ২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ শহরের একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জন নিহত হওয়ার পর সরকারের বিরুদ্ধে ক্ষোভ বাড়তে থাকে। পরে দুর্নীতি ও জবাবদিহির দাবিতে আন্দোলনটি দেশজুড়ে ছড়িয়ে পড়ে।
পদত্যাগের পর সমর্থকদের উদ্দেশে ভুচিচ তাঁর প্রায় নয় বছরের শাসনকালের কথা তুলে ধরে বলেন, তাঁর সরকার সার্বিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হয়েছে।
আগামী ২৫ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনকে ঘিরে এরই মধ্যে প্রচার শুরু হয়েছে। একই সঙ্গে বছরের শেষ নাগাদ সার্বিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।