রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াত
রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনঃপ্রতিষ্ঠা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করতে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
পরিদর্শন শেষে শফিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ঘোষিত সহায়তা অব্যাহত থাকবে। স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় কার্যক্রমে ফেরাতে এ সহায়তা দেওয়া হচ্ছে।
এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের মানুষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বিগ্ন। তাঁর অভিযোগ, সরকারি দলের আশ্রয়-প্রশ্রয়ে দেশজুড়ে মব-সন্ত্রাস চলছে।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ধ্বংসযজ্ঞের পেছনে সরকারের ‘গডফাদার’ জড়িত বলেও অভিযোগ করেন তিনি। তবে এ বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি।
শফিকুর রহমান বলেন, অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। ভবিষ্যতে যাতে দেশের কোথাও কোনো দুর্বৃত্ত এ ধরনের কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এর আগে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর তথ্য জানিয়েছে পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্র।