মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › রাজনীতি › চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান

favicon
ভোরের আলো ডেস্ক:
চাঁদাবাজি-দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয়: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে বিএনপি জড়িত নয় বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। এসব বিষয়ে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।


সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।


নজরুল ইসলাম খান বলেন, যারা শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাস করেন, তারা চাঁদাবাজি ও দখলদারির সঙ্গে জড়িত হতে পারেন না। দলের নাম ব্যবহার করে কেউ এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।


তিনি বলেন, নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হলেও সরকারকে স্বাভাবিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না। সরকারকে সফল হওয়ার পথে বাধা সৃষ্টি করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।


নজরুল ইসলাম খান আরও বলেন, গণতন্ত্র ও উন্নয়নের বিরুদ্ধে থাকা বিভিন্ন পক্ষ নানা ধরনের ষড়যন্ত্র করছে বলে তিনি মনে করেন। এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে শ্রমজীবী মানুষসহ সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, দেশের উন্নয়ন ও শান্তির ধারাকে অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন।