ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগের কথা জানালেন ট্রাম্প
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের যোগাযোগের কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (২৮ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তবে কারা মধ্যস্থতা করছেন বা আলোচনায় কী বিষয়ে কথা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি ট্রাম্প।
এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, চলমান সংকট নিরসনের প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নিউইয়র্কে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন। এতে দুই দেশের মধ্যে পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগের তৎপরতা বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
তবে কূটনৈতিক যোগাযোগের খবরের পাশাপাশি ইরানের বিরুদ্ধে ট্রাম্পের কঠোর অবস্থানও অব্যাহত রয়েছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই চূড়ান্ত বিজয় অর্জন করবে।
চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প। তার ভাষ্য, সংকটের অবসান হলে তেলের দাম দ্রুত কমে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে।