ঈদের পর এনবিআর বিলুপ্তির প্রজ্ঞাপন, ধাপে ধাপে দাবি পূরণ হবে
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি নিয়ে কর্মচারীদের মধ্যে যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তা অবসান হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
২০ মে (মঙ্গলবার) বিকেলে সচিবালয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, ঈদের পর বিলুপ্তির অধ্যাদেশ কার্যকরে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর ধাপে ধাপে এনবিআর কর্মচারীদের দাবি বাস্তবায়ন করা হবে। তবে অধ্যাদেশে এখনই কোনো পরিবর্তন আনা হবে না।
উল্লেখ্য, গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ—‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’—গঠন করে একটি অধ্যাদেশ জারি করা হয়। এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে এনবিআরের কর্মচারীরা কয়েকটি ধারার সংস্কার দাবি করেন এবং সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলমবিরতি পালন শুরু করেন। ফলে কাস্টমস ও রাজস্ব আদায় কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।