বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৭৫৫ টাকা

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৭৫৫ টাকা

favicon
ভোরের আলো ডেস্ক:
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৭৫৫ টাকা

তেজাবি স্বর্ণের দামের ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারে আবারও স্বর্ণ ও রৌপ্যের দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৯৮৩ টাকা বাড়িয়েছে।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় নতুন দাম নির্ধারণ করা হয়। একই দিন সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।


নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৭৫৫ টাকা। ভ্যাটসহ প্রতি গ্রামের দাম পড়বে ১৯ হাজার ৯৫৫ টাকা।


এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা এবং ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।


বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।


এ ছাড়া অলংকার বিনিময় ও ক্রয়ের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে যথাক্রমে ১২ শতাংশ ও ১৮ শতাংশ বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছে বাজুস।


পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন দর কার্যকর থাকবে।