বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
বুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
হোম › বিশ্ব › যুদ্ধের প্রস্তুতি আছে, কূটনীতির পথও খোলা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধের প্রস্তুতি আছে, কূটনীতির পথও খোলা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধের প্রস্তুতি আছে, কূটনীতির পথও খোলা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুদ্ধ মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত থাকলেও কূটনৈতিক সমাধানের পথ খোলা রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেছেন, ইরান যুদ্ধ চায় না; বরং যুক্তরাষ্ট্রই যুদ্ধের পথ বেছে নিয়েছে।


জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আরাগচি। তিনি জানান, তার সফরের অন্যতম উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালি এবং চলমান সংঘাত নিয়ে ইরানের অবস্থান আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা।


আরাগচি বলেন, ইরানের সর্বোচ্চ নেতার নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। ওই শর্তগুলো পূরণ হলেই প্রণালিটি চালু করা সম্ভব হবে।


এর আগে কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের সাত দিনের একটি পরিকল্পনা পৌঁছে দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা শুরু করার কথা জানিয়েছে তেহরান।


আরাগচি বলেন, মার্কিন প্রেসিডেন্টের প্রকাশ্য বক্তব্য যা-ই হোক, ইরান এখন মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।


তিনি জানান, সোমবার কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে ইরানের আবারও বৈঠক হয়েছে। বৈঠকে আলোচিত বিষয়গুলো কাতারি পক্ষ যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরবে এবং এরপর ওয়াশিংটনের চূড়ান্ত জবাব পাওয়ার আশা করছে তেহরান।


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ইরান নিজেদের স্বার্থ রক্ষায় আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আনুষ্ঠানিক জবাব পাওয়ার পর তেহরান পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।