ফার্নেস অয়েলের দাম বাড়ল, নতুন দর কার্যকর রাত থেকে
দেশের বাজারে ফার্নেস অয়েলের দাম লিটারপ্রতি ১১ টাকা ৯২ পয়সা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী প্রতি লিটার ফার্নেস অয়েল বিক্রি হবে ১০৮ টাকা ৭৮ পয়সায়। নতুন এ দাম বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১২টার পর থেকে কার্যকর হবে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
বিইআরসির নির্ধারণ অনুযায়ী, এর আগে ফার্নেস অয়েলের দাম ছিল লিটারপ্রতি ৯৬ টাকা ৮৬ পয়সা। নতুন দর কার্যকর হলে প্রতি লিটারে ভোক্তাকে ১১ টাকা ৯২ পয়সা বেশি দিতে হবে।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়।
এরপর জানুয়ারিতে গণশুনানি শেষে ২২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে বিইআরসি। তখন থেকে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে ফার্নেস অয়েলের নতুন দাম নির্ধারণ করে আসছে সংস্থাটি।
দেশে বছরে প্রায় ২০ লাখ টন ফার্নেস অয়েল ব্যবহার করা হয়। এর বড় একটি অংশ বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়।