মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
হোম › বিশ্ব › ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে মমতার বক্তব্যে সোনিয়ার করতালি

‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে মমতার বক্তব্যে সোনিয়ার করতালি

favicon
ভোরের আলো ডেস্ক:

ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় করতালি দিয়ে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। বুধবার (৩০ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মমতা।


বক্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমরা লড়ব, আমরা জিতব। গণতন্ত্র ফিরে আসবে, সংবিধান রক্ষা করব। এর জন্য যদি আমাদের জীবনও ঝুঁকির মধ্যে পড়ে, তবুও আমরা প্রস্তুত।’


মমতার বক্তব্যের সময় সোনিয়া গান্ধী হাসিমুখে টেবিলে হাত চাপড়ে সমর্থন জানান। বক্তব্য শেষে তিনি মমতার পিঠেও হাত রাখেন। এ সময়ের একটি ভিডিও কংগ্রেসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করা হয়েছে।


নয়াদিল্লির বৈঠকে নির্বাচনী তালিকার বিশেষ নিবিড় সংশোধন এবং নির্বাচন কমিশনের কার্যক্রম নিয়ে বিরোধীদের উদ্বেগসহ বিভিন্ন বিষয়ে যৌথ কৌশল নির্ধারণের বিষয়ে আলোচনা করেন ‘ইন্ডিয়া’ জোটের নেতারা।


বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং এনসিপি (এসপি) নেতা সুপ্রিয়া সুলেসহ জোটের বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।


এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠকে অংশ নেওয়া নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। কংগ্রেসের সঙ্গে মমতার নতুন করে ঘনিষ্ঠতার অর্থ কী এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী জোটে রাহুল গান্ধীর নেতৃত্ব মেনে নেওয়া হবে কি না—এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।


পশ্চিমবঙ্গ কংগ্রেসের সাবেক সভাপতি অধীর রঞ্জন বলেন, বিরোধী দলগুলোর উচিত লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে রাজনৈতিক লড়াইয়ের মুখ হিসেবে স্বীকৃতি দেওয়া।


তিনি আরও বলেন, ‘ইন্ডিয়া’ জোট গঠনের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর নেতৃত্বকে সমর্থন করলে ভারতের বর্তমান পরিস্থিতি ভিন্ন হতে পারত।


অধীর রঞ্জন অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা করেছে এবং দীর্ঘদিন ধরে ‘ইন্ডিয়া’ জোট ও কংগ্রেসের অবস্থানকে ক্ষতিগ্রস্ত করেছে। তবে তার এসব বক্তব্যের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।