আখতারুজ্জামানের রিমান্ড বাতিল করে মুক্তির দাবি জামায়াতের
বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তাঁর রিমান্ড বাতিল ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে তাঁকে হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করার ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি।
শনিবার (৩ অক্টোবর) বায়তুল মোকাররমে বাদ জোহর আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন গোলাম পরওয়ার।
তিনি দাবি করেন, বিমানবন্দরের অব্যবস্থাপনার বিরুদ্ধে কথা বলা এবং বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার কারণেই আখতারুজ্জামানকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।
গোলাম পরওয়ার বলেন, বিমানবন্দরে সেদিনের ঘটনার পর দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাঁর দাবি, এতে প্রমাণ হয় আখতারুজ্জামানের অবস্থান সঠিক ছিল। বিএনপি ছেড়ে জামায়াতে যোগ দেওয়ার কারণেই তাঁকে মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
আখতারুজ্জামানকে হাতকড়া ও হেলমেট পরিয়ে আদালতে হাজির করার সমালোচনা করে গোলাম পরওয়ার প্রশ্ন তোলেন, এভাবে তাঁকে কী প্রমাণ করতে চাওয়া হচ্ছে এবং তিনি কী অপরাধ করেছেন। একই সঙ্গে তিনি আখতারুজ্জামানের অবিলম্বে মুক্তির দাবি জানান।
সরকারের শীর্ষ নেতৃত্বের বক্তব্যের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘ সময় বিএনপি ও জামায়াত একসঙ্গে রাজপথে আন্দোলন করেছে। তখন জামায়াতকে ‘গুপ্ত’ বা ‘স্বাধীনতাবিরোধী’ বলা হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
১৯৭১ সালের প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, তৎকালীন জামায়াতে ইসলামীর নেতাদের অখণ্ড পাকিস্তানের পক্ষে অবস্থান ছিল। তবে তাঁর দাবি, সে সময় জামায়াত কোনো ফৌজদারি অপরাধ করেনি। এ বিষয়ে জনগণই বিচার করবে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতের বিতর্কিত বিষয় নিয়ে জাতিকে বিভক্ত না করে সেখান থেকে শিক্ষা নেওয়া উচিত এবং প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন।
এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল-বেরুনী মীর এ আদেশ দেন। এর আগে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল।
সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের নেতাকর্মীরা।