ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ‘পরিপক্ব’ পর্যায়ে পৌঁছেছে: আইআরজিসি কমান্ডার
ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প ‘পরিপক্ব’ পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি। তাঁর দাবি, ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে ইরান এখন নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত জ্ঞানের ওপর নির্ভর করতে পারছে।
ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের এই উপদেষ্টা এসব কথা বলেন।
আলী বালালি জানান, ইরানের অস্ত্র তৈরির সক্ষমতা মূলত সামরিক অভিযানের প্রয়োজনীয়তার ভিত্তিতে গড়ে উঠেছে। নিজেদের প্রয়োজন অনুযায়ী অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছে দেশটি।
তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে এ খাতে অন্য কারও সহযোগিতার প্রয়োজন নেই। প্রয়োজনীয় সক্ষমতা ও প্রযুক্তিগত জ্ঞান দেশটির নিজেদের মধ্যেই রয়েছে বলেও দাবি করেন তিনি।
ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অগ্রগতিকে ছবি আঁকার সঙ্গে তুলনা করেন আইআরজিসির এই কমান্ডার। তাঁর ভাষ্য, ছবি আঁকার প্রয়োজনীয় সরঞ্জাম ও কৌশল একবার আয়ত্তে এলে একজন শিল্পী নিজের ইচ্ছামতো বিভিন্ন ধরনের ছবি আঁকতে পারেন। ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রেও একইভাবে প্রয়োজনীয় জ্ঞান ও প্রযুক্তি আয়ত্তে থাকলে নিজেদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
বালালির এই বক্তব্য এমন সময়ে এলো, যখন ইরান দীর্ঘদিন ধরে নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সামরিক সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আসছে। তাঁর বক্তব্যে ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র সক্ষমতা সম্পর্কে দেশটির সরকারি অবস্থানই তুলে ধরা হয়েছে।