ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের আগে মার্কিন কনস্যুলার সেবা স্থগিত
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দুই দিন আগে দেশটিতে কনস্যুলার সেবা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে নিজস্ব দূতাবাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) থেকে ব্রাজিয়ায় মার্কিন দূতাবাস ও কনস্যুলেটগুলোর কনস্যুলার সেবা বন্ধ রয়েছে। এর আগের দিন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়, শুক্রবার থেকে ব্রাজিলে কনস্যুলার সেবা স্থগিত থাকবে। জরুরি সহায়তার প্রয়োজন হলেও মার্কিন নাগরিকদের দূতাবাস, কনস্যুলেট কিংবা অন্য কোনো কূটনৈতিক স্থাপনায় যেতে নিষেধ করা হয়েছে।
তবে ঠিক কী ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি যুক্তরাষ্ট্র। পাশাপাশি এ সিদ্ধান্তের সঙ্গে ৪ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তাও স্পষ্ট করা হয়নি।
মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় তারা ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
এদিকে ব্রাজিলে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সোফি ডেভিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্রের সতর্কতার পরিপ্রেক্ষিতে শুক্রবার অস্ট্রেলিয়ার দূতাবাসও বন্ধ থাকবে। তিনি অস্ট্রেলীয় নাগরিকদের মার্কিন কূটনৈতিক স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ দেন।
আগামী রোববার (৪ অক্টোবর) ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা, সাবেক প্রেসিডেন্টের ছেলে ফ্লাভিও বলসোনারোসহ মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে আগামী ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।