রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মুম্বাইয়ে অনুমতি ছাড়া বিক্ষোভ, সিজেপির আয়োজকসহ ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা

মুম্বাইয়ে অনুমতি ছাড়া বিক্ষোভ, সিজেপির আয়োজকসহ ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
মুম্বাইয়ে অনুমতি ছাড়া বিক্ষোভ, সিজেপির আয়োজকসহ ৪০০-৫০০ জনের বিরুদ্ধে মামলা

ভারতের মুম্বাইয়ের শিবাজি পার্কে অনুমতি ছাড়া বিক্ষোভ আয়োজনের অভিযোগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজকসহ অজ্ঞাত ৪০০ থেকে ৫০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।


শনিবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতার ১৮৯ ও ২২৩ ধারা এবং মহারাষ্ট্র পুলিশ আইনের ৩৭(১)(৩) ও ১৩৫ ধারায় শিবাজি পার্ক থানায় মামলাটি করা হয়েছে।


এর আগে শুক্রবার নির্বাচন কমিশন এবং বিশেষ নিবিড় পুনর্বিবেচনা প্রক্রিয়ায় কথিত অনিয়মের প্রতিবাদে শিবাজি পার্কে বিক্ষোভ করেন সিজেপি ও বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের কর্মীরা।


এ ঘটনায় শিবাজি পার্কের বাসিন্দা ও আইনজীবী সিদ্ধি দেওলেকর অভিযোগ করেন, অনুমতি না দেওয়ার পরও সিজেপির নেতারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান। পরে তিনি দলটির নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস এবং আইনবিষয়ক প্রধান রত্না সিংয়ের বিরুদ্ধে শিবাজি পার্ক থানায় অভিযোগ করেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দেওলেকর দাবি করেন, বোম্বে হাইকোর্টের ২০১৩ সালের ৪ জানুয়ারির রায় এবং পরবর্তী মহারাষ্ট্র সরকারের আদেশে শিবাজি পার্কে জমায়েত ও বিক্ষোভের ওপর যে বিধিনিষেধ রয়েছে, তা অমান্য করে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো করা হয়েছে।


তিনি আরও দাবি করেন, বিক্ষোভটি শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ ছিল না এবং এর মাধ্যমে আদালতের নির্দেশনা অমান্য করা হয়েছে। সংবিধান ও আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি, রাজনৈতিক প্রচার বা মতাদর্শ থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।


মুম্বাই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব অভিযোগের ভিত্তিতেই সিজেপির বিক্ষোভের আয়োজক এবং ৪০০ থেকে ৫০০ অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।


তবে মামলায় করা অভিযোগের বিষয়ে আদালতের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা বিষয়গুলো পুলিশ ও অভিযোগকারীদের বক্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।