রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
রবিবার , ০৪ অক্টোবর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন

বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন

favicon
ভোরের আলো ডেস্ক:
বিশ্ববাজারে সোনা-রুপার দামে বড় পতন

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধির প্রভাবে আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমেছে। ফলে এক সপ্তাহের ব্যবধানে ফের বড় দরপতনের মুখে পড়েছে কোনো সুদ বা মুনাফা না দেওয়া এই মূল্যবান ধাতু।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৩ অক্টোবর) স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৪০ দশমিক ০৬ ডলারে নেমেছে। চলতি সপ্তাহে এখন পর্যন্ত সোনার দাম কমেছে প্রায় ৩ দশমিক ৪ শতাংশ। এ ছাড়া মার্কিন গোল্ড ফিউচারসের দাম ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৬২ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে।


বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হ্যান তান বলেন, সোনা ব্যবসায়ীরা আপাতত অতিরিক্ত আশাবাদী হতে চাইছেন না। কারণ মার্কিন ফেডারেল রিজার্ভ এখনো কঠোর আর্থিক নীতি বজায় রেখেছে।


তিনি বলেন, আগামী মাসগুলোতে সোনার দামের গতিপথ অনেকটাই ফেডারেল রিজার্ভের নীতির ওপর নির্ভর করবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি শ্রমবাজারের সম্ভাব্য দুর্বলতা ফেড কতটা সামাল দিতে পারে, সেদিকেও নজর থাকবে।


প্রতিবেদনে বলা হয়েছে, গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া ইরান ও মার্কিন-ইসরায়েল সংঘাতের পর থেকে সোনার দাম ২০ শতাংশের বেশি কমেছে। সংঘাতের কারণে মূল্যস্ফীতি বাড়তে পারে এবং দীর্ঘ সময় সুদের হার তুলনামূলকভাবে বেশি থাকতে পারে—এমন আশঙ্কাও সোনার দামে চাপ তৈরি করছে।


এদিকে অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৬০ দশমিক ৩৬ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ শতাংশ কমে হয়েছে ১ হাজার ৬৯২ দশমিক ৯০ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৫ দশমিক ৭৫ ডলারে। তিনটি ধাতুই চলতি সপ্তাহে দরপতনের মধ্যে রয়েছে।


### দেশের বাজারে সোনা-রুপার দাম


দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।


অন্যদিকে, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ২ হাজার ৬৮৩ টাকায়।