মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার , ০৬ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতে সিইসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ চলাকালে অধিকারকর্মী যোগেন্দ্র যাদব, জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণ এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) জাতীয় সভাপতি নেহা বোরা-সহ প্রায় ১৫০ জনকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (৩ অক্টোবর) প্যাটেল চক থেকে যন্তরমন্তরের দিকে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।


আইসার সদস্যদের ভাষ্য অনুযায়ী, নেহা বোরা ও শিক্ষার্থীদের সঙ্গে ওই মিছিলে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী কপিল সিবাল, নিত্যা রামকৃষ্ণন, পল্লব সিসোদিয়া ও প্রশান্ত ভূষণ। এ ছাড়া অধিকারকর্মী যোগেন্দ্র যাদবও বিক্ষোভে যোগ দেন।


বিক্ষোভকারীরা ঘটনাস্থলের কাছে জড়ো হলে পুলিশ তাঁদের আটক করতে শুরু করে। যন্তরমন্তরের দিকে যাওয়ার বিভিন্ন সড়কে একাধিক স্থানে নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। পাশাপাশি বিক্ষোভকারীদের অগ্রযাত্রা ঠেকাতে ব্যারিকেডও স্থাপন করা হয়।


এদিকে, পুলিশি অভিযানের সময় নেহা বোরার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন আইসার সদস্যরা। তাঁদের দাবি, এক পুরুষ পুলিশ কর্মকর্তা নেহা বোরার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং দিল্লি পুলিশের আরেক কর্মকর্তা তাঁকে শারীরিকভাবে নির্যাতন করেন। তবে এ অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


এর আগে একই দিন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ মন্তব্য করেন, আগামী ১০ অক্টোবরের আগে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের হিসাব বন্ধ করে দেওয়া হলে তিনি অবাক হবেন না। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের প্রতি সমর্থন জানানোয় তাঁকে ধন্যবাদ দিয়ে করা অভিজিতের একটি পোস্ট এক্সে সীমিত করার পর তিনি এ মন্তব্য করেন।